যাচাই ছাড়াই ব্লেডসহ রুটির ছবি ছড়ানোয় শিক্ষিকা সাময়িক বরখাস্ত

প্রকাশিত: 11:43 PM, July 29, 2026

বরিশালের গৌরনদী উপজেলার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের বানরুটির মধ্যে ব্লেড পাওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে তদন্ত কমিটির আহ্বায়ক ও গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের কাছে এই প্রতিবেদন জমা দেন।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন জাহান বিষয়টি যাচাই-বাছাই না করেই ব্লেডসহ রুটির ছবি তুলে শিক্ষকদের মেসেঞ্জার গ্রুপে পাঠান। পরবর্তীতে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এই ঘটনায় দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল।

ইউএনও মো. ইব্রাহীম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্ত দল রুটি সরবরাহকারী কারখানা পরিদর্শন করে উৎপাদনের প্রতিটি ধাপ পরীক্ষা করেছে। তাদের পর্যবেক্ষণে দেখা গেছে, রুটি তৈরির সময় অক্ষত একটি ব্লেড ভেতরে চলে যাওয়ার কোনো সুযোগ নেই। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন ব্যক্তি ও সংশ্লিষ্ট ছাত্রীর বাড়িতে ব্যবহৃত ব্লেডের ধরন সম্পর্কে খোঁজ নেওয়া হয় এবং ওই ধরনের একটি ব্লেড উদ্ধার করা হয়েছে।

তদন্তে বেরিয়ে আসে, ছাত্রীটি নিজেই ব্লেডটি স্কুলে নিয়ে এসেছিল। স্কুলে ব্লেড আনা নিষিদ্ধ হওয়ায় শিক্ষিকার বকুনি বা শাস্তির ভয়ে সে সেটি রুটির মধ্যে লুকিয়ে রাখে। পরবর্তীতে রুটির প্যাকেট খোলার সময় পেছনে থাকা আরেক ছাত্রী ব্লেডটি দেখে ফেলে। বিষয়টি শিক্ষিকাকে জানানোর আগেই ওই ছাত্রী নিজে থেকেই দাবি করে যে সে রুটির মধ্যে ব্লেড পেয়েছে।

বিদ্যালয়টিতে রুটি সরবরাহের দায়িত্বে থাকা আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রকল্প পরিচালক শাহ আলম খান জানান, রুটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে তৈরি হয় এবং প্যাকেজিংয়ের সময় প্রতিটি রুটি মেটাল ডিটেকটর দিয়ে পরীক্ষা করা হয়। তাই রুটির ভেতরে ব্লেড থাকার কোনো সুযোগ নেই বলে তিনি দাবি করেছিলেন।

একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে বলে জানান বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল।.২২ জুলাই গৌরনদী পৌরসভার ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক ছাত্রী স্কুল ফিডিং কর্মসূচির আওতায় মিড-ডে মিলের বানরুটির মধ্যে ‘ব্লেড’ থাকার অভিযোগ করে।