একাত্তর ও চব্বিশের চেতনাকে সমান গুরুত্ব দেয় বিএনপি: মির্জা ফখরুল

প্রকাশিত: 9:32 PM, July 31, 2026

যারা একাত্তরকে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশকে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মিলিত সনাতন পরিষদের আয়োজনে ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে বিশ্বাস করতে হলে অবশ্যই একাত্তরকে সামনে আনতে হবে এবং তা নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, একাত্তরকে সামনে আনার অর্থ চব্বিশের গণ-অভ্যুত্থানকে পেছনে রাখা নয়; বরং জুলাইয়ের গণ-অভ্যুত্থানকেও সমান গুরুত্বের সঙ্গে সামনে রাখতে হবে। তিনি বলেন, অসংখ্য সন্তান বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে এবং একটি ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করেছে। বিএনপি একাত্তর ও চব্বিশ—কোনোটিকেই ছোট করে দেখে না।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, একটি গোষ্ঠী সচেতনভাবে ধর্মের নামে দেশকে বিভাজনের দিকে ঠেলে দিতে চায়। যারা ধর্মের দোহাই দিয়ে বিভাজন তৈরি করতে চায়, তাদের রুখে দিতে হবে। তিনি আরও বলেন, দেশে উগ্রবাদ ও মৌলবাদের কোনো স্থান নেই। বিএনপি একটি উদার, গণতান্ত্রিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চায়। বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি কাউকে ‘সংখ্যালঘু’ মনে করে না। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের নিজেদের অধিকার আদায়ে সোচ্চার থাকার আহ্বান জানান।