স্পেনের সেউতায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, পানিতে ডুবে নিহত ১৫ প্রকাশিত: 10:05 PM, July 31, 2026 উত্তর আফ্রিকার দেশ মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত ছিটমহল সেউতায় প্রবেশের চেষ্টা করেছেন হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী। বৃহস্পতিবার (৩০ জুলাই) এই অনুপ্রবেশের ঘটনায় অন্তত ১৫ জন পানিতে ডুবে মারা গেছেন বলে জানা গেছে। জিব্রাল্টার প্রণালির তীরে অবস্থিত সেউতা ইউরোপে পৌঁছানোর জন্য অভিবাসীদের দীর্ঘদিনের অন্যতম প্রধান একটি প্রবেশপথ। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, অন্তত ২ থেকে ৩ হাজার অভিবাসনপ্রত্যাশী সেউতায় প্রবেশ করেছেন। তবে স্থানীয় সীমান্তরক্ষী বাহিনী গার্ডিয়া সিভিল এখনও সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি। ঘটনার পরপরই সেউতায় অতিরিক্ত সেনা মোতায়েন করেছে স্পেন সরকার। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করেছে যে, মানবপাচারকারী চক্রগুলো অভিবাসনপ্রত্যাশীদের এই অনুপ্রবেশে উৎসাহিত করছে। মন্ত্রণালয় জানিয়েছে, সেউতা শহরের নিরাপত্তা বজায় রাখতে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনী সিভিল গার্ডকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিয়ে শুক্রবার (৩১ জুলাই) স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সেউতা সফর করেছেন। এদিকে এই ঘটনার পর স্পেনের সঙ্গে শেনজেন ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেউতার পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন, অনিয়ন্ত্রিত অবৈধ অভিবাসন ইউরোপের সীমান্ত নিরাপত্তার জন্য বাস্তব হুমকি হয়ে দাঁড়িয়েছে। SHARES আন্তর্জাতিক বিষয়: অভিবাসনদুর্ঘটনামরক্কোসেউতাস্পেন