মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্বে ৫ জন প্রকাশিত: 1:04 PM, July 31, 2026 বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কার্যক্রমকে আরও গতিশীল এবং কার্যকর করার লক্ষ্যে সরকারি উদ্যোগে ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ১৩ ধারার বিধান অনুযায়ী এই নতুন কমিটি গঠন করা হয়েছে। পুনর্গঠিত এই নির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। পদাধিকারবলে কমিটির সদস্য হিসেবে আরও দায়িত্ব পালন করবেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব। এছাড়া ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন এই নির্বাহী কমিটির দায়িত্বের পরিধি সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়েছে, তারা ট্রাস্টের আইন, বিধিমালা এবং ট্রাস্টি বোর্ডের অর্পিত নির্দেশনা বাস্তবায়ন করবে। একইসঙ্গে ট্রাস্টের সার্বিক কার্যক্রম তদারকি, এর অধীনস্থ বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ, হিসাব নিরীক্ষা, ভবিষ্যৎ কৌশল নির্ধারণ এবং ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবে। সরকার আশা প্রকাশ করেছে যে, এই পুনর্গঠিত কমিটির মাধ্যমে ট্রাস্টের উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতে আরও ফলপ্রসূ ও গতিশীল হবে। SHARES জাতীয় বিষয়: আহমেদ আযম খানকমিটি পুনর্গঠনবাংলাদেশমুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট