কর্ণফুলীতে এস আলমের সব কারখানা বন্ধ, ছাঁটাই চার হাজার কর্মী প্রকাশিত: 2:01 PM, August 1, 2026 তীব্র তারল্য সংকট ও নজিরবিহীন ব্যাংক ঋণ কেলেঙ্কারির মুখে পড়ে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অবস্থিত দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রায় চার হাজার কর্মকর্তা ও কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) থেকে কারখানাগুলো আনুষ্ঠানিকভাবে বন্ধ রয়েছে। কারখানা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ৩০ জুলাই শ্রমিক ও কর্মকর্তাদের ছাঁটাইয়ের নোটিশ প্রদান করা হয় এবং ১ আগস্ট থেকে এই ছাঁটাই কার্যকর হয়েছে। কাঁচামাল আমদানির জন্য লেটার অব ক্রেডিট বা এলসি খুলতে না পারা, কাঁচামালের তীব্র সংকট এবং ব্যাংক হিসাব জব্দ থাকার কারণে উৎপাদন কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের শ্রমিকরা জানিয়েছেন, নোটিশ বোর্ডে তালিকাভুক্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। হঠাৎ কর্মহীন হয়ে পড়ার খবরে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। কারখানার ডিজিএম রফিকুল ইসলাম জানান, উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকায় কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারীদের নিজ দায়িত্বে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। মূলত গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই এই শিল্পগোষ্ঠীর ব্যবসা-বাণিজ্য ও সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টগুলোতে বড় ধরনের ধস নামে। ব্যাংকগুলো থেকে আর্থিক সহায়তা না পাওয়া এবং মূলধন সংকটের কারণে নতুন করে এলসি খুলে কাঁচামাল আমদানি করতে ব্যর্থ হওয়ায় কারখানাগুলো বন্ধ করে দেওয়ার এই চরম সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। SHARES জাতীয় বিষয়: অর্থনীতিএস আলম গ্রুপকর্ণফুলীকারখানা বন্ধছাঁটাই