তারেক রহমানের ইশারায় দেশ চললে দুর্নীতি কেন বন্ধ হচ্ছে না প্রকাশিত: 3:31 PM, July 31, 2026 দুর্নীতি দমনে ক্ষমতাসীন বিএনপির আন্তরিকতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শুক্রবার (৩১ জুলাই) ঢাকায় জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক বক্তব্যের সূত্র ধরে শফিকুর রহমান বলেন, মির্জা ফখরুল বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ইশারায় সবকিছু চলে। তাহলে সেই ইশারায় দুর্নীতি কেন বন্ধ হচ্ছে না? তিনি আরও বলেন, বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা নিজেই হতাশা প্রকাশ করে বলেছেন যে পাঁচ মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ হয়নি, বরং বৃদ্ধি পেয়েছে। সেই নেতার ভাষায়, তারেক রহমান ছাড়া সবাই দুর্নীতিতে লিপ্ত। শফিকুর রহমান মন্তব্য করেন যে, এই দায় স্বীকার করার মাধ্যমে সরকার তাদের ক্ষমতার নৈতিক অধিকার হারিয়েছে। সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গতকালকের বক্তব্যের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, মির্জা ফখরুল আশাবাদ ব্যক্ত করেছিলেন যে তারেক রহমানের মধ্যে তিনি পরিবর্তন দেখছেন। কিন্তু শফিকুর রহমানের প্রশ্ন, প্রধানমন্ত্রী যদি দুর্নীতি না চান, তবে তাঁর ইশারায় সবকিছু চললে দুর্নীতি কেন বন্ধ হয় না? পরিবহন খাতে চাঁদাবাজির বিষয়েও বিএনপিকে দায়ী করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, তারেক রহমানের সরকার চাঁদাবাজি কিছুটা কমানোর চেষ্টা করছেন বলে দাবি করা হলেও, এর মাধ্যমে আসলে দ্বিতীয় দফা চাঁদাবাজিকে জাতীয় স্বীকৃতি দেওয়া হয়েছে। পরিবহন শ্রমিকদের ওপর বিএনপির নেতা-কর্মীদের চাঁদাবাজির অভিযোগ করে তিনি বলেন, জনগণ এই ধরনের চাকরি বা চাঁদাবাজি ঘৃণা করে। সরকারকে হুঁশিয়ারি দিয়ে শফিকুর রহমান বলেন, হঠকারিতা করে জাতির কপালে মহাবিপদ ডেকে আনবেন না, অন্যথায় ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন। জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে চললে জামায়াত কাউকে ছাড় দেবে না বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও দাবি করেন যে, জামায়াতের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র হচ্ছে, তবে তারা আল্লাহর ওপর চূড়ান্ত ভরসা রাখেন। SHARES রাজনীতি বিষয়: জামায়াতে ইসলামীতারেক-রহমানদুর্নীতিবিএনপিরাজনীতিশফিকুর রহমান