দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে মুক্তি পেলেন বেনজীর আহমেদ

প্রকাশিত: 7:31 PM, August 2, 2026

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কারাবন্দি বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ জামিনে মুক্তি পেয়েছেন। গত ২৭ জুলাই আমিরাতের একটি আদালত শর্ত সাপেক্ষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালতের দেওয়া জামিনের শর্ত অনুযায়ী, বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে। আদালতের পূর্বানুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে দুবাইয়ে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছিল। এই গ্রেপ্তারের ক্ষেত্রে দুবাই পুলিশ এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল সহায়তা করেছিল।

২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেনজীর আহমেদ আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি র‍্যাবের মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার তালিকায় থাকা র‍্যাবের সাত কর্মকর্তার মধ্যেও তিনি ছিলেন।

২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে এবং দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে। সেই সময়েই তিনি দেশ ত্যাগ করেন। তার বিরুদ্ধে বর্তমানে একাধিক মামলা রয়েছে এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। গত বছরের ১০ ফেব্রুয়ারি আদালত ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছিলেন।