বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ দিয়েছে সরকার প্রকাশিত: 9:01 PM, August 2, 2026 পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আইন সহায়তা প্রতিষ্ঠান বা ল’ ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (২ আগস্ট) বিকেলে রাজশাহীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার জানতে পেরেছে যে সাবেক এই পুলিশ প্রধান দুবাইয়ের একটি আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। এই জামিন আদেশ বাতিলের আইনি লড়াইয়ের জন্য ওই ল’ ফার্মকে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের মাধ্যমে জামিন আদেশের একটি সার্টিফাইড কপি সংগ্রহের চেষ্টা চলছে। এই অনুলিপি হাতে পাওয়ার পরই পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করেন যে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে পলাতক এই সাবেক কর্মকর্তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। তিনি আরও উল্লেখ করেন যে, বেনজীর আহমেদের বিরুদ্ধে বর্তমানে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। রবিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহী পুলিশ লাইন্সের সম্মেলন কেন্দ্রের সামনে রাজশাহী রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এর আগে সকালে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন। SHARES জাতীয় বিষয়: আইনি প্রক্রিয়াদুবাইবাংলাদেশ সরকারবেনজীর আহমেদসালাহউদ্দিন আহমদস্বরাষ্ট্রমন্ত্রী