ঢাবির শহীদুল্লাহ হলে জোর করে স্বীকারোক্তি ভিডিও ধারণের অভিযোগ

প্রকাশিত: 9:48 AM, August 4, 2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। হল সংসদের এজিএস ও শিবির নেতা ইব্রাহিম খলিলের কক্ষে অবস্থানরত দুই অতিথির বিরুদ্ধে সমকামিতার অভিযোগ তুলে জোর করে স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই দুই শিক্ষার্থী জানিয়েছেন, তাদের ভয় দেখিয়ে ও চাপ প্রয়োগ করে এই ভিডিও ধারণ করা হয়েছে।

ভুক্তভোগী ফারহান ভূঁইয়া জানান, তিনি হৃদরোগের চিকিৎসার জন্য তার বন্ধু আরমানকে নিয়ে ঢাকায় এসেছিলেন এবং আত্মীয় ইব্রাহিম খলিলের কক্ষে রাত যাপন করেন। ফারহানের ভাষ্যমতে, ঘটনার দিন সকালে ইব্রাহিম খলিল ক্লাসে চলে গেলে তারা কক্ষে ফিরে আসেন এবং আরমান গোসল শেষে খালি গায়ে ছিলেন। এ সময় তারা মোবাইলে নাটক দেখছিলেন। সেই মুহূর্তে ইউসুফ আরেফিন রুমেল কক্ষে প্রবেশ করেন এবং তাদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন।

ফারহান ও আরমান উভয়ই অভিযোগ করেছেন যে, রুমেল তাদের বারবার জিজ্ঞাসাবাদ করেন এবং সমকামিতার অভিযোগ স্বীকার করতে চাপ দেন। একপর্যায়ে ‘আমরা ভুল করেছি, শয়তানের ধোঁকায় পড়েছি’—এমন বক্তব্য দিতে বাধ্য করা হয়। ফারহানের দাবি, রুমেল নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে নির্দেশনা অনুযায়ী কথা বলতে চাপ প্রয়োগ করেন। যদিও আরমান ও ফারহান উভয়েরই দাবি, তারা কেবল মোবাইলে নাটক দেখছিলেন।

এই অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে ইউসুফ আরেফিন রুমেল বলেন, তিনি তার বক্তব্য তদন্ত কমিটির কাছে দিয়েছেন। বিষয়টি এখন তদন্তাধীন। হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূঁইয়া জানান, রুমেল তার আংশিক বক্তব্য দিয়েছেন এবং প্রয়োজনে তাকে আবারও ডাকা হবে। তদন্ত কমিটি এখনো বহিরাগত ওই দুই শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে পারেনি। প্রভোস্ট আরও বলেন, তদন্ত প্রক্রিয়া চলছে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কাউকে কোনো কিছুতে বাধ্য করার সুযোগ নেই। তবে কমিটি পর্যালোচনা চালাচ্ছে এবং দ্রুতই একটি তারিখ নির্ধারণের চেষ্টা করছে।