মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের দেশে ফিরতে আরও সময় লাগবে

প্রকাশিত: 7:30 PM, August 3, 2026

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও দেশে ফিরতে তাকে আরও কিছুদিন সময় দিতে হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মালয়েশিয়ার একটি মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ১৫ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। শুরুতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতির প্রেক্ষিতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, গত ১৪ এপ্রিল তাকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তরিত করা হয়।