গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬

কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বুধবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। এই মহড়ায় গ্রামীণ ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ উপস্থিত ছিলেন। এ সময় তার সাথে ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মতিয়র রহমান, একেএম সাজ্জাদ হোসেন এবং প্রধান কার্যালয়ের সকল নির্বাহী কর্মকর্তা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিরপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এই মহড়াটি পরিচালিত হয়। প্রশিক্ষণে অগ্নিকাণ্ডের কারণ, প্রতিরোধের উপায়, সচেতনতা বৃদ্ধি এবং জরুরি অবস্থায় করণীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। আলোচনার পর প্রধান কার্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিস টিম ও গ্রামীণ ব্যাংকের কর্মীদের অংশগ্রহণে একটি ব্যবহারিক মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়া শেষে ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ বলেন, অগ্নি দুর্ঘটনায় জীবন বাঁচাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং দ্রুত সাড়া দেওয়া সবচেয়ে জরুরি। তিনি আরও বলেন, ফায়ার অ্যালার্ম বাজার সাথে সাথে সিঁড়ি দিয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে হবে। এছাড়া প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ভবনে অটো ফায়ার স্প্রিংকলার বসানোর কার্যক্রম চলমান রয়েছে।