কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬

কলকাতার গিরিশ পার্ক থানার অধীন চোরবাগানের সারদা পার্কের একটি পূজামণ্ডপে ভয়াবহ পদদলনের ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে বৃষ্টি চলাকালীন এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, মণ্ডপে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়ের কারণে বহির্গমন ফটকে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

কলকাতা পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করা হয়। আহতদের দ্রুত চিকিৎসার জন্য কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে (এমসিএইচ) নেওয়া হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, অন্তত ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে দমকল বাহিনী, কন্ট্রোল রুমের সদস্য, দুর্যোগ মোকাবিলা দল এবং অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে পূজামণ্ডপটি আপাতত দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, ভিড়ের চাপে অনেকেই জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আহতদের অনেককে দ্রুত মোটরসাইকেলে করে হাসপাতালে নেওয়া হয়। অপর এক প্রত্যক্ষদর্শী অভিযোগ করেন, মণ্ডপের প্রবেশপথ ও বের হওয়ার ফটকগুলো ছিল অত্যন্ত সংকীর্ণ এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থাও ছিল না। তার মেয়ে ও নাতনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিস্থিতি পর্যবেক্ষণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্য সচিব মনোজ আগরওয়াল হাসপাতালে পরিদর্শন করেছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মা দুর্গার কাছে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত