বার্নহ্যামের ম্যান্ডেট নেই, অবিলম্বে সাধারণ নির্বাচনের দাবি নাইজেল ফারাজের প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬ রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ দাবি করেছেন যে, লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যামের বৃটেন পরিচালনার কোনো ম্যান্ডেট বা গণরায় নেই। লন্ডনে আয়োজিত সিপ্যাক জিবি সম্মেলনে ফারাজ এই মন্তব্য করেন। তিনি অবিলম্বে দেশটিতে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জোরালো দাবি জানিয়েছেন। ফারাজ সতর্ক করে বলেন, যদি রিফর্ম ইউকে ক্ষমতায় আসতে ব্যর্থ হয়, তবে আগামী এক দশকের মধ্যে বৃটেন কার্যত একটি তৃতীয় বিশ্বের দেশে পরিণত হতে পারে। তিনি উল্লেখ করেন, বার্নহ্যাম দেশের রাজনীতিতে গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তনের কথা বলছেন, কিন্তু মেকারফিল্ডের প্রায় ২৫ হাজার ভোটার ছাড়া এমন পরিবর্তনের জন্য তার কোনো জনগণের রায় নেই। গত ২০ জুলাই লেবার পার্টির নেতা হিসেবে বার্নহ্যাম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তবে ফারাজ মনে করেন, বার্নহ্যামের নেতৃত্বে দেশের পরিস্থিতির কোনো উন্নতি হবে না। তার মতে, বর্তমান সরকার আগের নীতিই অনুসরণ করবে এবং বরং আরও বামপন্থী অবস্থান নেবে। করনীতি প্রসঙ্গে ফারাজের অভিযোগ, বার্নহ্যাম আয়কর, জাতীয় বীমা এবং ভ্যাট না বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কর বৃদ্ধি করা হবে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, সম্পত্তি কর বাড়ানো হলে লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের আবাসন খাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে এবং সর্বোচ্চ করহারও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অভিবাসন নীতি নিয়েও বার্নহ্যামের সমালোচনা করেন ফারাজ। তিনি বলেন, বার্নহ্যাম অভিবাসন সংকট নিয়ে কার্যকর কোনো উদ্বেগ দেখাননি এবং বৃটেনকে ইউরোপীয় মানবাধিকার সনদ (ইসিএইচআর) থেকে বের করে সীমান্তের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার কোনো সম্ভাবনাও তার নেই। ফারাজ দাবি করেন যে, দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ জনগণের হাতে ফিরিয়ে দিতে এখন সাধারণ নির্বাচন প্রয়োজন। তিনি জানান, রিফর্ম ইউকে আগামী নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং গত বছর দলটি দেশের অন্য যেকোনো রাজনৈতিক দলের চেয়ে বেশি অর্থ সংগ্রহ করেছে। ফারাজের মতে, বৃটিশ জনগণ দুর্বল ও সিদ্ধান্তহীন নেতৃত্বে ক্লান্ত এবং সামনে একটি ঐতিহাসিক রাজনৈতিক অঘটন ঘটতে পারে। SHARES রাজনীতি বিষয়: অ্যান্ডি বার্নহ্যামনাইজেল ফারাজবৃটেনলেবার পার্টিসাধারণ নির্বাচন