হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত আজমিরীগঞ্জের বিএনপি নেতা রমাকান্ত সরকার প্রকাশিত: 10:00 AM, August 7, 2026 আজমিরীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান বদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রমাকান্ত সরকার (৫৮) আর নেই। বুধবার রাত ৯টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্থানীয় শ্মশানে তাঁর শেষ কৃতকার্য সম্পন্ন করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন রমাকান্ত সরকার। তিনি বদলপুর ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আজমিরীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর বাড়ি উপজেলার বদলপুর ইউনিয়নের কালভৈরবহাটি, পাহাড়পুর গ্রামে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বদলপুর ইউনিয়নসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রমাকান্ত সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ এবং পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খালেদুর রশিদ ঝলক। শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। SHARES রাজনীতি বিষয়: আজমিরীগঞ্জবিএনপিমৃত্যুরমাকান্ত সরকারহবিগঞ্জ