মব কালচার গণতন্ত্রের জন্য হুমকি: মির্জা ফখরুল প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬ বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, রাজনৈতিক মতপার্থক্যের সমাধান রাস্তায় নেমে চাপ সৃষ্টি বা মব তৈরির মাধ্যমে হওয়া উচিত নয়। তিনি বলেন, সাংবিধানিক প্রক্রিয়া ও সংসদের আলোচনার মাধ্যমেই এ ধরনের সমস্যার সমাধান করা বাঞ্ছনীয়, কারণ মব তৈরির সংস্কৃতি দীর্ঘমেয়াদে গণতন্ত্রকে দুর্বল করে ফেলে। শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রকে কেবল একটি রাজনৈতিক স্লোগান নয়, বরং একটি সংস্কৃতি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বৃহত্তর জনগোষ্ঠীর ইচ্ছা ও মতামতের প্রতিফলন থাকতে হবে এবং তা অবশ্যই নিয়মভিত্তিক হতে হবে। মানুষের চিন্তা, আচরণ ও রাজনৈতিক চর্চার প্রতিটি স্তরে গণতান্ত্রিক মূল্যবোধ থাকা জরুরি; অন্যথায় গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার পর থেকে দেশে কখনোই দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকেনি। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও পরে খালেদা জিয়ার গণতান্ত্রিক ধারা বজায় রাখার প্রচেষ্টার কথা উল্লেখ করেন। তবে তিনি অভিযোগ করেন যে, আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বললেও গত ১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই কোনো পক্ষ থেকে ব্যর্থতার অভিযোগ তোলা বা ক্ষমতা ছাড়ার দাবি জানানো গণতান্ত্রিক আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি রাজনৈতিক সহনশীলতার ওপর জোর দিয়ে বলেন, ভিন্নমতকে সম্মান জানানোই গণতন্ত্রের অন্যতম ভিত্তি। নিজের সঙ্গে মতের মিল না থাকলেও অন্যের বক্তব্য প্রকাশের সুযোগ নিশ্চিত করতে হবে, অন্যথায় টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব। SHARES রাজনীতি বিষয়: গণতন্ত্রবাংলাদেশবিএনপিমির্জা ফখরুলরাজনীতি