ছাত্রদল নেতাকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ: পীরগাছা থানার ৪ police প্রত্যাহার

প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

রংপুরের পীরগাছায় এক ছাত্রীকে উদ্ধারের অভিযানে গিয়ে সাভারে ছাত্রদল নেতা মোনারুল ইসলাম বকশীকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে পীরগাছা থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গত শনিবার রাতে অভিযুক্ত দুই কর্মকর্তাসহ ওই চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে রংপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন—সাব-ইন্সপেক্টর (এসআই) কনক রঞ্জন বর্মন, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) মো. ওসমান আলী, কনস্টেবল প্রশান্ত কুমার ও সুমী আক্তার। নিহত মোনারুল ইসলাম বকশী সাভার থানা ছাত্রদলের সহসভাপতি ছিলেন। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাতিবান্ধা গ্রামের জাফর আলীর ছেলে। বাবার চাকরির সুবাদে তিনি সাভারের বিপিএটিসি কোয়ার্টারে বসবাস করতেন।

নিহতের পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানা যায়, একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে ঘরছাড়া এক ছাত্রীকে উদ্ধার করতে গত বৃহস্পতিবার গভীর রাতে এসআই কনক চন্দ্র বর্মনের নেতৃত্বে ৯ সদস্যের একটি পুলিশ দল সাভারের বিপিএটিসি কোয়ার্টারে অভিযান চালায়। অভিযোগ উঠেছে, সেই পুলিশ দলে সাধারণ পোশাকে জিডির বাদী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মিন্টু মিয়া এবং তার শ্যালক মিন্টু উপস্থিত ছিলেন। অভিযানের একপর্যায়ে মোনারুলকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়।

এই ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষুব্ধ স্বজন, এলাকাবাসী ও রাজনৈতিক সহকর্মীরা পীরগাছা থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকসহ অভিযানের সঙ্গে যুক্ত পুলিশ সদস্যদের দ্রুত বিচারের দাবি জানান।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, ঘটনাটি খতিয়ে দেখতে ঢাকা ও রংপুরে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ওই অভিযানে অংশ নেওয়া পীরগাছা থানার চার পুলিশ সদস্যকে ক্লোজড করে লাইনে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে, সাভার Model থানার ওসি সাইফুল ইসলাম জানান, পীরগাছা থানাকে সহযোগিতা করতে তাদের থানা থেকে এসআই আব্দুল হাইসহ দুজন কনস্টেবল অভিযানে গিয়েছিলেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৮: ৪৫আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৮: ৫৩