সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্যমূলক বৈঠকে বসেছেন। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠকটি শুরু হয়। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি।

এর আগে গত রোববার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অনেক সম্মান করি। আমি তার অনেক বক্তৃতা শুনেছি এবং তিনি একজন জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি।

দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে হাইকমিশনার বলেন, আমার মনে হচ্ছে, যদি দুই নেতা অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোচনায় বসেন, তবে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তিনি আরও বলেন, সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি। আমার পুরো বিশ্বাস আছে যে মানুষ এক আছে, সমাধান হবে। এখানে কোনো নেতিবাচক বিষয় নেই, সবকিছুই ইতিবাচক।