ইছাখালীতে বিএসএফের হাতে আটক বাংলাদেশি কৃষক, পাল্টা দুই ভারতীয় নাগরিক আটক প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬ মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে শূন্যরেখায় কাজ করার সময় আব্দুল মান্নান (৭০) নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার সকালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর স্থানীয় গ্রামবাসী এর প্রতিবাদে সীমান্ত এলাকায় কর্মরত দুই ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছেন। আটক আব্দুল মান্নান ইছাখালী গ্রামের মসজিদপাড়ার মৃত নূর বক্সের ছেলে। তার নাতি ইব্রাহিম জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে তার দাদা বাড়ির পাশের মরিচের জমিতে কীটনাশক প্রয়োগ করতে গিয়েছিলেন। এ সময় ১২৪/৪-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকা থেকে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী ১২৩/৩-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকা থেকে ভারতের লালবাজার গ্রামের দুই নাগরিককে আটক করেন। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে সোপর্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, মান্নান সীমান্তের শূন্যরেখায় ভারতীয় অংশে কৃষিকাজ করছিলেন, তখনই বিএসএফ তাকে আটক করে। ঘটনাটিকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটক ব্যক্তিদের হস্তান্তরের বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেয়া হয়েছে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ভারতীয় কৃষি জমিতে কাজ করার সময় একজনকে বিএসএফ ধরে নিয়ে গেছে। এরপর বাংলাদেশের পক্ষ থেকে দুই ভারতীয় নাগরিককে ধরে আনা হয়েছে এবং দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হবে। SHARES আন্তর্জাতিক বিষয়: ইছাখালীবিএসএফবিজিবিমেহেরপুরসীমান্ত উত্তেজনা