ভারত সফরের পাশাপাশি ব্রিকস আউটরিচ সেশনে তারেক রহমানকে আমন্ত্রণ

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার পাশাপাশি নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকসের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র জানান, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ওই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। রণধীর জয়সওয়াল বলেন, আমাদের হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পারস্পরিক স্বার্থ নিয়ে আলাপ করেছেন। আপনারা যে আমন্ত্রণের কথা জানতে চেয়েছেন, তার পরিপ্রেক্ষিতেই আমরা তাকে দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস আউটরিচ সেশনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছি। এ বিষয়ে পরবর্তী তথ্য পর্যায়ক্রমে জানানো হবে।

তবে প্রধানমন্ত্রী ব্রিকসের আউটরিচ সেশনে অংশ নেবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি বলে সোমবার জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

একই সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধের প্রসঙ্গটি তুলে ধরেন। তিনি বলেন, বিষয়টি ভারতের প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে এবং এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে ভারত তা জানাবে। এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে জয়সওয়াল মন্তব্য করেন যে, এটি একটি আইনি বিষয় এবং বর্তমানে এ নিয়ে তদন্ত চলছে।