প্রাণীর সুরক্ষায় ইসলামের নির্দেশনা ও হাদিসের বাণী

প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২৬

ইসলাম ধর্ম প্রাণিজগতকে প্রকৃতি ও পৃথিবীর সৌন্দর্যের এক অনন্য প্রতীক হিসেবে স্বীকৃতি দিয়েছে। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে প্রাণিকুলের প্রসঙ্গ এসেছে এবং অনেক সুরার নামকরণও করা হয়েছে বিভিন্ন প্রাণীর নামে। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, 'প্রাণিকুল সৃষ্টির (অন্যতম) কারণ হলো, এগুলোতে তোমরা আরোহণ করে থাক, আর এগুলো সৌন্দর্যের প্রতীক।' (সুরা নাহল : ৮)।

কোরআনে প্রাণিজগতকে স্বতন্ত্র জাতিসত্তার মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, 'পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে, আর যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতো একেক জাতি।' (সুরা আনআম : ৩৮)।

ইসলামে পশুপাখির প্রতি নিষ্ঠুরতা বা তাদের অঙ্গহানি করা কঠোরভাবে নিষিদ্ধ। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) সেই ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন, যে প্রাণিদের অঙ্গচ্ছেদ করে (বোখারি : ৫১৯৫)। এছাড়া অহেতুক পশুপাখির পেছনে লেগে থাকা বা অযথা শিকার করাও ইসলামে নিন্দনীয় কাজ। রাসুলুল্লাহ (সা.) স্পষ্টভাবে বলেছেন, 'কোনো প্রাণীকে লক্ষ্যবস্তু বানিও না।' (মুসলিম : ১৯৫৭)।

বাক-শক্তিহীন এসব প্রাণীর প্রতি দয়া প্রদর্শনের তাগিদ দিয়ে রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, 'এসব বাক-শক্তিহীন প্রাণির ব্যাপারে আল্লাহকে ভয় কর। সুস্থ অবস্থায় এগুলোতে আরোহণ কর, সুস্থ অবস্থায় আহার কর।' (সুনানে আবি দাউদ : ২৫৪৮)।