পাঁচবিবিতে দুর্গাপূজার প্রস্তুতি: ৮০ মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬ হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে জয়পুরহাটের পাঁচবিবিতে চলছে ব্যাপক প্রস্তুতি। উপজেলার মোট ৮০টি মণ্ডপে পূজা উদযাপনের লক্ষ্যে প্রতিমা তৈরির কাজ পুরোদমে এগিয়ে চলছে। মৃৎশিল্পীরা এখন দিন-রাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমার কাঠামো তৈরি, রং করা এবং সাজসজ্জার কাজে। দেবী দুর্গার পাশাপাশি কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমা তৈরিতে শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় ফুটে উঠছে ধর্মীয় আবহ। ঠাকুরগাঁও থেকে আসা কারিগর উজ্জ্বল কুমার মালাকার জানান, দুর্গাপূজার সময় ঘনিয়ে আসায় কাজের চাপ অনেক বেড়েছে। একটি প্রতিমা তৈরির প্রতিটি ধাপ, যেমন মাটি দিয়ে কাঠামো তৈরি থেকে শুরু করে রং ও অলংকরণ করা পর্যন্ত অত্যন্ত পরিশ্রমের বিষয়। তবে নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় আনুষঙ্গিক খরচ আগের তুলনায় অনেক বেশি হচ্ছে বলে তিনি জানান। তবুও পূজারিদের সন্তুষ্টির কথা মাথায় রেখে সুন্দরভাবে প্রতিমা তৈরির সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আরেক কারিগর পুতুল বলেন, প্রতিমা তৈরি তাদের শিল্প ও জীবিকার অবিচ্ছেদ্য অংশ। প্রতিমার মুখের গড়ন, পোশাক ও অলংকারের সূক্ষ্ম কাজে বিশেষ যত্ন নিতে হয়, কারণ সামান্য ভুলেও সৌন্দর্যের হানি হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে শিল্পীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড়ভাঙা পরিশ্রম করছেন। এদিকে, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। পাঁচবিবি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা জানান, এবার উপজেলায় ৮০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপগুলোতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং নিয়মিত টহল জোরদার করা হবে। তিনি আরও বলেন, পূজার দিনগুলোতে পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তাব্যবস্থা আরও বাড়ানো হবে, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন। SHARES ধর্ম বিষয়: জয়পুরহাটদুর্গাপূজাপাঁচবিবিপূজামণ্ডপমৃৎশিল্পীশারদীয় উৎসব