গোপন চুক্তিতে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬ দীর্ঘ এক দশকের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। গত ১১ই আগস্ট পর্তুগালের লিসবন থেকে প্রায় ২০ মাইল দূরে উপকূলীয় শহর কাশকাইশে একটি ঘরোয়া সিভিল অনুষ্ঠানের মাধ্যমে তারা বিবাহবন্ধনে জড়ান। এ সময় তাদের পাঁচ সন্তান এবং মাত্র চারজন সাক্ষী উপস্থিত ছিলেন। রোনালদো নিজেই ইনস্টাগ্রামে বিয়ের আংটি পরা হাত জড়ানো একটি ছবি পোস্ট করে বিয়ের খবর নিশ্চিত করেছেন। বিয়ের আনুষ্ঠানিকতার একদিন আগে লিসবনের একটি নোটারি কার্যালয়ে এই জুটি ‘সম্পত্তি পৃথকীকরণ’ চুক্তিতে সই করেন বলে স্পেনের সংবাদমাধ্যম ও পর্তুগিজ পত্রিকা ‘জার্নাল দ্য নোতিসিয়াস’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পর্তুগিজ আইনে এ ধরনের চুক্তি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় না বলেই বিয়ের আগে তাদের আলাদাভাবে এই নথিতে স্বাক্ষর করতে হয়েছে। এই চুক্তির ফলে বিয়ের আগে ও পরে অর্জিত আয়, সম্পদ এবং বিনিয়োগের ওপর উভয়েরই পূর্ণ ও পৃথক নিয়ন্ত্রণ বজায় থাকবে। ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে রোনালদোর আয় প্রায় ২৭৫ মিলিয়ন ডলার, যা তাকে বিশ্বের শীর্ষ আয়ের ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি ও বিভিন্ন ব্র্যান্ডের এনডোর্সমেন্ট থেকে তার আয়ের বড় অংশ আসে। বিভিন্ন প্রতিবেদনে তার মোট সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলারের বেশি বলে উল্লেখ করা হয়েছে। তবে এই তারকা দম্পতি বিয়ের বিস্তারিত নিয়ে গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি বিবৃতি ছাড়া বিয়ের বিষয়ে তারা এখন পর্যন্ত নীরব রয়েছেন এবং চুক্তির শর্তাবলি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। SHARES বিনোদন বিষয়: জর্জিনা রদ্রিগেজতারকা দম্পতিপর্তুগালবিয়েরোনালদো