দিল্লিতে শব্দ ও হৈচৈয়ের প্রতিবাদ করায় পিটিয়ে হত্যা গিটারিস্টকে

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬

দিল্লিতে শব্দ ও হৈচৈয়ের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন মণিপুরের জনপ্রিয় গিটারিস্ট ও সংগীত শিক্ষক বিক্রম সিং চংথম। ৫৪ বছর বয়সী এই শিল্পীকে তার নিজের ভাড়া বাসার সামনে থেকে তাড়া করে ভবনের তৃতীয় তলায় নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, রোববার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ-পূর্ব দিল্লির কিলোকরি গ্রামে নিজের বাসার নিচে আবর্জনা ফেলতে যান বিক্রম সিং। এ সময় কাছের দুটি ধাবার কয়েকজন কর্মীকে চিৎকার ও হৈচৈ করতে দেখে তিনি এর প্রতিবাদ জানান। প্রতিবাদ করায় তাদের সঙ্গে বিক্রমের বাগবিতণ্ডা হয়। স্থানীয়দের ভাষ্যমতে, এরপর বিক্রম বাড়ির দিকে দৌড়ে পালানোর চেষ্টা করলে ওই ব্যক্তিরা তাকে ধাওয়া করে ভবনের তৃতীয় তলায় নিয়ে যায় এবং সেখানে মারধর করে পালিয়ে যায়।

ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যায় কিলোকরিতে উত্তর-পূর্বাঞ্চলের প্রায় ১০০ জন মানুষ এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে মোমবাতি মিছিল করেছেন। এদিকে, মণিপুরের সাবেক মুখ্যমন্ত্রী এন বীরেন সিং দিল্লি পুলিশকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত