পুরুষতন্ত্রের দায় শুধু পুরুষদের নয়, বললেন ফাতিমা সানা শেখ প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬ চলচ্চিত্রশিল্পে লিঙ্গবৈষম্য এবং পুরুষতান্ত্রিক মানসিকতার প্রভাব নিয়ে সরব হয়েছেন বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। আসন্ন কোর্টরুম ড্রামা সিরিজ ‘হুঙ্কার-দ্য রোর’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে এই অভিনেত্রী সমাজে নারীর প্রতিকূলতা এবং লিঙ্গভিত্তিক বৈষম্য নিয়ে নিজের অভিজ্ঞতা ব্যক্ত করেন। ফাতিমা সানা শেখের মতে, পুরুষতন্ত্রের জন্য এককভাবে কেবল পুরুষদের দোষারোপ করা যুক্তিযুক্ত নয়। তিনি বলেন, ‘পুরুষতন্ত্র কেবল পুরুষদের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না। নারীরাও এমন এক ব্যবস্থার অংশ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সমাজে গভীরভাবে শেকড় গেড়ে বসে আছে।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা সবাই এই ধরনের সামাজিক দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে বড় হয়েছি এবং আমাদেরই এর বিরুদ্ধে লড়াই করতে হবে।’ নিজের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে ফাতিমা জানান, পেশাগত মিটিংয়ে অনেক সময় প্রযোজকরা এমন সিনেমার প্রস্তাব দেন যেখানে নারী তার কণ্ঠস্বর খুঁজে পাওয়ার লড়াই করেন। কিন্তু যখন তিনি নিজের মতামত প্রকাশ করতে যান, তখন তা অনেকের কাছেই অসহনীয় হয়ে ওঠে। তিনি বলেন, ‘হাস্যকর বিষয় হলো, আপনি যখন নিজের কোনো মতামত দিতে যাবেন, তখন তারা তা পছন্দ করবে না। তারা সেটি সহ্যই করতে পারে না। এরপর তারা উদ্ভট সব কারণ দেখাতে কিংবা পুরুষসুলভ কর্তৃত্ব ফলাতে শুরু করবে। সহিংস অপরাধের শিকার হলে একজন নারী কেমন বোধ করেন—তা পুরুষরাই আমাদের শেখাতে আসেন!’ এই প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েও নারীদের নিজেদের অধিকার আদায়ে লড়াকু হওয়ার আহ্বান জানিয়েছেন ফাতিমা। ‘হুঙ্কার-দ্য রোর’ সিরিজে তিনি একজন আপসহীন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। সিরিজটি পুলিশ, বিচারব্যবস্থা ও গণমাধ্যমের মধ্যকার জটিল সম্পর্ক এবং জনমতের প্রভাব নিয়ে নির্মিত। বিড়লা স্টুডিওস ও অ্যাপ্লজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এই সিরিজের সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার পার্পল পেবল পিকচার্স এবং মাঙ্গাতা ফিল্মস প্রডাকশন। এর আগে ‘দঙ্গল’, ‘লুডো’, ‘ধাক ধাক’, ‘সাম বাহাদুর’ ও ‘আজিব দাস্তানস’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজের দক্ষতা প্রমাণ করেছেন ফাতিমা। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES বিনোদন বিষয়: পুরুষতন্ত্রফাতিমা সানা শেখবলিউডবিনোদনহুঙ্কার-দ্য রোর