ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় বিচার দাবি

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬

ইতালিতে অবস্থানরত অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘দৃশ্যমাধ্যম সমাজ’। সংগঠনটি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে দৃশ্যমাধ্যম সমাজ জানিয়েছে, রাজনৈতিক অবস্থান বা মতপ্রকাশের কারণে কোনো শিল্পীকে আক্রমণের লক্ষ্যবস্তু করা মানবাধিকার, মানবিক মর্যাদা এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণেই তাঁকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তিনি জানান, হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন।

বর্তমানে বাঁধন ও তাঁর সহশিল্পীরা ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ইতালিতে অবস্থান করছেন। বিবৃতিতে বলা হয়েছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় অন্যায়, হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নেওয়া শিল্পীদের মধ্যে বাঁধন অন্যতম ছিলেন। বিবৃতিতে আরও বলা হয়, একজন শিল্পীর মতের সঙ্গে দ্বিমত পোষণ করার অধিকার সবার থাকলেও তাঁকে অপমান, ভয় দেখানো বা শারীরিক হামলা করার অধিকার কারও নেই।

দৃশ্যমাধ্যম সমাজ স্পষ্টভাবে জানিয়েছে যে, রাজনৈতিক মতের বিরোধিতা কখনো সহিংসতার লাইসেন্স হতে পারে না। একজন নারী শিল্পীর ওপর এমন প্রকাশ্য হেনস্তাকে তারা প্রতিবাদের ভাষা নয়, বরং সহিংসতা হিসেবে অভিহিত করেছে। বাঁধনের প্রতি সংহতি প্রকাশ করে সংগঠনটি বলেছে, শিল্পীর শরীর কোনো রাজনৈতিক প্রতিশোধের ক্ষেত্র নয় এবং শিল্পীর কণ্ঠ কোনো ভয়ের কাছে জিম্মি নয়।

বিবৃতিটিতে স্বাক্ষর করেছেন আনু মুহাম্মদ, সলিমুল্লাহ খান, সায়ান, মুহাম্মদ কাইউম, আকরাম খান, মনোজ প্রামানিক, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, তাজনূভা জাবীন ও আয়মান আসিবসহ ১১২ জন বিশিষ্ট ব্যক্তি।