সুরের জাদুকর জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর অগণিত ভক্তকে শোকের সাগরে ভাসিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। দীর্ঘ ৩৩ বছরের বর্ণাঢ্য সংগীতজীবনে ৪০টিরও বেশি ভাষায় প্রায় ৪০ হাজার গান গেয়েছেন এই গুণী শিল্পী।

২০০৬ সালে বলিউডের ‘গ্যাংস্টার’ সিনেমায় ‘ইয়া আলি’ গানটির মাধ্যমে জুবিন দেশজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। পরবর্তী সময়ে ‘সুবাহ সুবাহ’ ও ‘দিল তু হি বাতা’-র মতো জনপ্রিয় গানেও তার কণ্ঠ শ্রোতাদের মুগ্ধ করেছে। বলিউডে ব্যাপক জনপ্রিয়তা পেলেও সময়ের সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে সরে এসে নিজের মাতৃভাষা ও আঞ্চলিক ভাষার সংগীত এবং চলচ্চিত্র নির্মাণে অধিক মনোযোগী হন।

বাংলা ও অসমীয়ার সংস্কৃতির প্রতি জুবিনের ছিল গভীর টান। দেব, রাহুল ও সোহম অভিনীত একাধিক বাংলা সিনেমার গানেও তিনি কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে ‘বোঝেনা সে বোঝেনা’, ‘পিয়া রে’ এবং ‘মন মানে না’ গানগুলো শ্রোতাদের কাছে অত্যন্ত সমাদৃত। এক সাক্ষাৎকারে তিনি নিজের শিল্পভাবনা তুলে ধরে জানিয়েছিলেন, বাংলা ও আসামের আঞ্চলিক সংস্কৃতিই তার কাছে অগ্রাধিকার পায়। এমনকি নিজেকে তিনি ‘আধা বাঙালি’ বলেও পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন।

সংগীতের পাশাপাশি অভিনয় ও চলচ্চিত্র পরিচালনায়ও নিজের মেধার স্বাক্ষর রেখেছেন জুবিন। মৃত্যুর কয়েক মাস পরেই মুক্তি পায় তার পরিচালিত শেষ সিনেমা ‘রই রই বিনালে’। এদিকে জুবিনের মৃত্যুকে ঘিরে এখনো তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তবে আইনি জটিলতার ঊর্ধ্বে উঠে তার সৃষ্টি ও গানগুলো ভক্তদের হৃদয়ে তাকে আজও অমর করে রেখেছে।