দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী মাহিরা খান

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬

জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি প্রকাশের মাধ্যমে তিনি নিজেই এই সুখবর জানিয়েছেন। সাদা রঙের একটি ঢিলেঢালা গাউন পরা ওই ছবিতে তার বেবি বাম্প স্পষ্ট দেখা যাচ্ছে। ছবিটি পোস্ট করার সময় মাহিরা কোনো আনুষ্ঠানিকতা না রেখে ক্যাপশনে লিখেছেন, ‘We make plans and then there is ALLAH’S plan.’ অর্থাৎ মানুষ পরিকল্পনা করে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর পরিকল্পনাই কার্যকর হয়।

গর্ভধারণের খবর জানানোর সময় মাহিরা ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন বেশ সাধারণ সাজসজ্জায়। তার চুল ও মেকআপ ছিল সাদামাটা এবং এক হাতে তিনি তার বেবি বাম্প ধরে রেখেছিলেন। এই ঘোষণা আসার পর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় ভাসাচ্ছেন।

মাহিরা খান ২০২৩ সালের অক্টোবরে ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন। সেলিম করিমের সঙ্গে এটি তার প্রথম সন্তান। এর আগে প্রথম স্বামী আলি আসকারির সঙ্গে মাহিরার আজলান নামে ১৭ বছর বয়সী এক ছেলে রয়েছে। মাহিরার জীবনের গুরুত্বপূর্ণ সেই বিয়ের অনুষ্ঠানেও ছেলে আজলানকে দেখা গিয়েছিল, যখন সে মাকে বিয়ের মঞ্চে নিয়ে এসেছিল।

কর্মজীবনে মাহিরা বেশ ব্যস্ত সময় পার করছেন। সাম্প্রতিক টরন্টো চলচ্চিত্র উৎসবে তিনি ‘কমিউনিটি ইমপ্যাক্ট’ কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সিনেমায় অবদানের জন্য সম্মাননাও পেয়েছেন। ২০১৬ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রাইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এছাড়া ‘বিন রয়ে’, ‘সুপারস্টার’, ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’-এর মতো সিনেমা এবং ‘পশহর-ই-জাত’ ও ‘সাদকায়ে তোমারে’র মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে তিনি দর্শকদের নজর কেড়েছেন।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত