পুত্রবধূর রাজকীয় উপাধি বাতিল করলেন ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ

প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ তার পুত্রবধূ পেঙ্গিরান রাবিয়াতুল আদাউইয়াহর রাজকীয় উপাধি বাতিল করেছেন। দেশটির গ্র্যান্ড চেম্বারলেইনের কার্যালয় থেকে জানানো হয়েছে যে, রাজপরিবারের সদস্যের স্ত্রী হিসেবে তার আচরণ ‘অনুপযুক্ত’ বলে বিবেচিত হওয়ায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত ৮ আগস্ট শনিবার সুলতানের জারিকৃত আদেশে রাবিয়াতুলের ‘ইয়াং আমাত মুলিয়া পেঙ্গিরান আনাক ইস্তেরি’ উপাধি তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়। এর ফলে তিনি এখন থেকে আর ব্রুনেই রাজপরিবারের সদস্য হিসেবে গণ্য হবেন না।

৩৩ বছর বয়সী রাবিয়াতুল সুলতানের ছেলে প্রিন্স আবদুল মালিকের স্ত্রী। ৪৩ বছর বয়সী প্রিন্স আবদুল মালিক সুলতান ও তার প্রথম স্ত্রী কুইন সালেহার দ্বিতীয় সন্তান এবং তিনি ব্রুনেইয়ের সিংহাসনের উত্তরাধিকারক্রমে চতুর্থ অবস্থানে রয়েছেন। গ্র্যান্ড চেম্বারলেইনের কার্যালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, রাবিয়াতুলের কর্মকাণ্ড রাজতন্ত্রের সুনাম ক্ষুণ্ন করেছে এবং সুলতানের প্রতি তার ‘অসম্মান’ প্রদর্শন করেছে। তবে ঠিক কোন নির্দিষ্ট আচরণের কারণে এই উপাধি কেড়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এখন পর্যন্ত রাবিয়াতুল ও প্রিন্স আবদুল মালিকের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত কোনো সরকারি ঘোষণা আসেনি। ফলে উপাধি বাতিলের পরেও তাদের দাম্পত্য সম্পর্ক বহাল রয়েছে বলেই ধারণা করা হচ্ছে। ২০১৫ সালে রাজধানী বান্দার সেরি বেগাওয়ানের ইস্তানা নুরুল ইমানে অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই দম্পতির বিয়ে হয়। সুলতানের সরকারি বাসভবনে আয়োজিত সেই বিয়ের উৎসব টানা ১০ দিন ধরে চলেছিল এবং এতে হাজারো অতিথি অংশগ্রহণ করেন।

এই দম্পতির ঘরে ১০ বছর বয়সী প্রিন্সেস মুথিয়াহ, ৮ বছর বয়সী প্রিন্সেস ফাতিয়্যাহ, ৬ বছর বয়সী প্রিন্সেস খালিশাহ এবং ১৬ মাস বয়সী প্রিন্সেস নাবিলা নামে চার কন্যা সন্তান রয়েছে। সুলতানের এই আদেশের ফলে তাদের সন্তানদের রাজকীয় উপাধিতে কোনো প্রভাব পড়েনি বলে জানা গেছে। সুলতান হাসানাল বলকিয়াহ এর আগেও তার পরিবারের সদস্যদের উপাধি বাতিল করেছেন। এর আগে ২০০৩ সালে দ্বিতীয় স্ত্রী মারিয়াম আবদুল আজিজ এবং ২০১০ সালে তৃতীয় স্ত্রী আজরিনাজ মাজহার হাকিমের বিবাহবিচ্ছেদের পর তিনি তাদের রাজকীয় উপাধি কেড়ে নিয়েছিলেন। তবে রাবিয়াতুলের ক্ষেত্রে বিচ্ছেদ বা আলাদা হয়ে যাওয়ার কোনো ঘোষণা না থাকায় এটি আগের ঘটনাগুলো থেকে ব্যতিক্রম।

উল্লেখ্য, বোর্নিও দ্বীপে অবস্থিত তেলসমৃদ্ধ ব্রুনেই একটি পরম রাজতন্ত্র। ৮০ বছর বয়সী সুলতান হাসানাল বলকিয়াহ ১৯৬৭ সালে তার পিতার উত্তরসূরি হিসেবে সিংহাসনে বসেন। ১৯৮৪ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের পর তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন এবং তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা রাজাদের অন্যতম।