চিকিৎসা খাতে লুটপাট হয়েছে, শৃঙ্খলা ফেরাতে কাজ করছি: স্বাস্থ্যমন্ত্রী প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬ বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দেশের চিকিৎসা খাতে চরম অবহেলা ও লুটপাট করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (১৬ আগস্ট) সকালে ঝটিকা সফরে ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তিনি হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের সার্বিক খোঁজখবর নেন এবং স্বাস্থ্যসেবার মান ও খাবারের গুণগত মান নিয়ে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া এই অবহেলিত স্বাস্থ্যখাতের শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৯ তলা বিশিষ্ট আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সে রূপান্তর করা হবে। এছাড়া তিন ধাপে দেশের সব ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নেয়া হয়েছে। হাসপাতাল ব্যবস্থাপনায় অনিয়মের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে হাসপাতালের ওষুধ ক্রয়েও দুর্নীতি হয়েছে। রোগীদের জন্য বরাদ্দকৃত সরকারি ওষুধ, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, অ্যান্টিভেনমসহ জরুরি ইনজেকশন হাসপাতালের বাইরে বিক্রি করে দেয়া হতো। রোগীদের ওষুধ না দেয়ার পাশাপাশি ডাক্তার ও নার্সরা রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতেন। অনেক স্থানে চিকিৎসকরা নিয়মিত হাসপাতালে উপস্থিত থাকতেন না। দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন হাসপাতাল থেকে এ ধরনের অসংখ্য অভিযোগের নোট পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, কেবল একটি খাত নয়, বরং স্বাস্থ্যখাতের গোটা পদ্ধতিই পরিবর্তন করে দেয়া হচ্ছে। চিকিৎসক সংকট ও ওষুধ সংকট দূর করে রোগীদের সেবা সহজীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। সরকারি স্বাস্থ্যসেবার প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরাতে এই পরিকল্পনা বাস্তবায়নে কোনো ছাড় দেয়া হবে না। SHARES জাতীয় বিষয়: চিকিৎসা খাতঝিনাইদহদুর্নীতিসরদার মো. সাখাওয়াত হোসেনস্বাস্থ্যমন্ত্রীস্বাস্থ্যসেবা