ইসরাইলি হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬ দক্ষিণ লেবাননে সাম্প্রতিক ইসরাইলি বিমান হামলার ঘটনার পর কঠোর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটি স্পষ্ট ভাষায় জানিয়েছে, লেবাননের ওপর ইসরাইলের হামলা, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন এবং বিভিন্ন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রবণতা তারা আর মেনে নেবে না। একই সঙ্গে, লেবানন সরকারের প্রতি ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনা বন্ধ করার আহ্বান জানিয়েছে তারা। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলকে অবশ্যই বুঝতে হবে যে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা হামলার সুযোগ তাদের আর নেই। সংগঠনটি এসব কর্মকাণ্ডের ‘উপযুক্ত জবাব’ দেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছে। হিজবুল্লাহর অভিযোগ, লেবানন কর্তৃপক্ষ ইসরাইলের সঙ্গে ‘অপমানজনক সরাসরি আলোচনার পথে’ এগোচ্ছে এবং ইসরাইলকে বিনা মূল্যে ছাড় দিচ্ছে। এই ধরনের আলোচনা ও ছাড় দেওয়া অবিলম্বে বন্ধ করতে তারা সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে। এর আগে শনিবার দক্ষিণ লেবাননের আনসার ও দেইর আল-জাহরানি এলাকায় ইসরাইলি বিমান হামলা চালানো হয়। লেবাননের তথ্যানুযায়ী, এই হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিন শিশুও রয়েছে। এর কয়েক ঘণ্টা আগেই আনসার গ্রামে হিজবুল্লাহর একটি অবস্থানে ইসরাইলি হামলার ঘটনায় অন্তত সাতজন নিহত হয়, যাদের মধ্যে দুই নারী ও তিন শিশু ছিল। ওই হামলায় হিজবুল্লাহর কমান্ডার আলি সামির আল-হাজ হাসান নিহত হয়েছেন বলে ইসরাইল দাবি করেছিল। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় তাদের তিন সেনা আহত হওয়ার পর পাল্টা অভিযান হিসেবে তারা এসব হামলা চালিয়েছে। এছাড়া, রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরাইলি বাহিনী জানায়, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ‘ব্যাডার ইউনিট’-এর জ্যেষ্ঠ কমান্ডার আবু হাসান আলাকে হত্যা করা হয়েছে। ইসরাইলি বাহিনীর ভাষ্যমতে, আলা ইসরাইলি সেনাদের বিরুদ্ধে বিস্ফোরক ড্রোন হামলাসহ বিভিন্ন কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন এবং ‘নিরাপত্তা অঞ্চলে’ ইসরাইলি সেনাদের বিরুদ্ধে হিজবুল্লাহর কর্মকাণ্ডের জবাব হিসেবে তাকে হত্যা করা হয়েছে। প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৪: ২২আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৪: ২৬ SHARES আন্তর্জাতিক বিষয়: ইসরাইলমধ্যপ্রাচ্যলেবাননসংঘাতহিজবুল্লাহ