হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২ প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬ হাঙ্গেরির পূর্বাঞ্চলে পোল্যান্ডের পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে অন্তত ১২ জন নিহত হয়েছেন। রোববার রাজধানী বুদাপেস্ট থেকে প্রায় ১৪০ কিলোমিটার পূর্বে মেজোকেরেস্তেশ শহরের কাছে এম-৩ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৪৭ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে দেশটির পুলিশ ও জরুরি সেবা সংস্থা জানিয়েছে। পুলিশ জানিয়েছে, সার্বিয়া থেকে পোল্যান্ডের উদ্দেশে যাত্রা করা বাসটিতে ৫৭ জন যাত্রী ও দুই চালক ছিলেন। মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পাশের খাদে পড়ে যায়। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ১১ জনকে মৃত ঘোষণা করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসের ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েছিলেন। দমকলকর্মী ও উদ্ধারকারীরা বাসের জানালা দিয়ে তাদের বের করে আনেন। পুলিশের প্রাথমিক ধারণা, বাসচালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে। নিউরেগিহাজা শহরের দিকে যাওয়ার সময় বাসটি সোজা সড়ক থেকে হঠাৎ ছিটকে পড়ে। দুর্ঘটনার পর বাসচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ২০০৩ সালের পর হাঙ্গেরিতে এটিই সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা। ওই বছর শিওফকে একটি ট্রেন জার্মান পর্যটকবাহী বাসে ধাক্কা দিলে ৩৩ জন নিহত হয়েছিলেন। এই ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার। তিনি ঘটনাস্থলে দ্রুত ছুটে যাওয়া উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন যে, দেশটির কনস্যুলার সেবা সক্রিয় রয়েছে এবং তারা হাঙ্গেরির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। যাচাই করা তথ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশ করা হবে বলেও তিনি জানান। এছাড়া পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কিও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি হাঙ্গেরিতে পোলিশ বাস দুর্ঘটনায় এতসংখ্যক নাগরিকের মৃত্যুতে মর্মাহত বলে জানিয়েছেন। SHARES আন্তর্জাতিক বিষয়: নিহতপর্যটকপোল্যান্ডবাস দুর্ঘটনাহাঙ্গেরি