এপ্রিল-মার্চ হবে বাংলাদেশের নতুন অর্থবছর, সিদ্ধান্ত মন্ত্রিসভার প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬ বাংলাদেশে অর্থবছরের সময়কাল পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এই প্রশাসনিক পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছরটি ৯ মাসের একটি অন্তর্বর্তীকালীন বছর হিসেবে বিবেচিত হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন সময়কাল কার্যকর হবে, যেখানে অর্থবছর শুরু হবে ১ এপ্রিল এবং শেষ হবে ৩১ মার্চ। সরকার এই পরিবর্তনের পেছনে প্রধান যুক্তি হিসেবে বর্ষাকালে অবকাঠামো উন্নয়নকাজের সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছে। বর্তমানে জুলাই-আগস্ট মাসে বর্ষা মৌসুম চলাকালীন উন্নয়নকাজ পরিচালনা করতে গিয়ে কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রকল্পের সময় ও ব্যয় উভয়ই বৃদ্ধি পায় এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়। এপ্রিল-মার্চ অর্থবছর কার্যকর হলে বর্ষা মৌসুম শুরুর আগেই উন্নয়নমূলক কাজগুলো শেষ করার সুযোগ তৈরি হবে বলে সরকার মনে করছে। এই পরিবর্তনের প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবে। এছাড়া এই পরিবর্তনের জন্য প্রয়োজনীয় আইন এবং আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন কাঠামোতেও যথাযথ সংশোধন আনা হবে। SHARES জাতীয় বিষয়: অর্থবছরজাতীয় অর্থনীতিবাংলাদেশমন্ত্রিসভাসরকার