মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ল প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬ মন্ত্রিপরিষদ সচিব ড. মো. নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) তাদের বর্তমান দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগের দিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী, ১৮ আগস্ট থেকে ড. মো. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব পদে পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। একই শর্তে মো. এহছানুল হকেরও চুক্তির মেয়াদ ১৮ আগস্ট থেকে আরও এক বছর বাড়ানো হয়েছে। উভয় কর্মকর্তার ক্ষেত্রেই শর্ত দেওয়া হয়েছে যে, তারা এই দায়িত্ব পালনকালে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখতে পারবেন না। উল্লেখ্য, সরকার পরিবর্তনের পর ২০২৪ সালের ১৭ আগস্ট অন্তর্বর্তী সরকার পাঁচজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে দুই বছরের চুক্তিতে সচিব হিসেবে নিয়োগ দিয়েছিল। সেই তালিকায় ছিলেন নাসিমুল গনি ও এহছানুল হক। শুরুতে নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে এবং এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর নাসিমুল গনিকে সিনিয়র সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। অন্যদিকে, গত বছরের ১২ অক্টোবর এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে স্থানান্তর করা হয়। বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ড. মো. নাসিমুল গনি ২০০৯ সালে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হয়েছিলেন। দীর্ঘ প্রায় চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছিল। SHARES জাতীয় বিষয়: এহছানুল হকচুক্তিভিত্তিক নিয়োগজনপ্রশাসন মন্ত্রণালয়নাসিমুল গনিপ্রজ্ঞাপনমন্ত্রিপরিষদ সচিব