সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে আসিনি: বিরোধী দলের নেতা শফিকুর রহমান প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬ জাতীয় সংসদের ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের শুরুর দিনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত এই অধিবেশনে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণ ও বক্তব্যের কড়া প্রতিবাদ জানান। বিরোধীদলীয় নেতা বলেন, তিনি সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে আসেননি। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, যদি তার শিক্ষক হওয়ার ইচ্ছা থাকে তবে তিনি একটি নতুন বিশ্ববিদ্যালয় খুলতে পারেন, যেখানে যার ইচ্ছা সেখানে ভর্তি হতে পারবে। শফিকুর রহমান অভিযোগ করেন যে, সংসদ অধিবেশন শুরুর দিন থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলছেন এবং নিজেকে সংসদের শিক্ষক হিসেবে জাহির করার দুঃসাহস দেখাচ্ছেন। এ সময় সরকারদলীয় সংসদ সদস্যদের প্রতিবাদের মুখে বিরোধীদলীয় নেতা বলেন, বক্তব্যের সময় এভাবে মন্তব্য করা হলে তার এখানে দাঁড়ানোর প্রয়োজন নেই। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে 'পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম' হিসেবে আখ্যায়িত করে বলেন, সংসদের সৌন্দর্য বজায় রাখতে তার এই বক্তব্য সংসদের কার্যপ্রণালি থেকে এক্সপাঞ্জ করতে হবে এবং তাকে দুঃখ প্রকাশ করতে হবে। অন্যথায় সংসদে অপমান নিয়ে বসার কোনো প্রশ্নই ওঠে না বলে তিনি হুঁশিয়ারি দেন। এর আগে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ প্রশ্ন করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধের প্রসঙ্গ তোলেন। তিনি জানতে চান, গত ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত ভূমিকা পালন করতে পেরেছেন কি না এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি ব্যর্থ হয়েছেন কি না। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি হাসনাত আবদুল্লাহর প্রশ্নটি বুঝতে পারেননি। তিনি বলেন, এটি কি কোনো প্রশ্ন নাকি পল্টনের বক্তৃতা, তা বোধগম্য নয়। তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা হল না থাকা বা অন্যান্য পরিসংখ্যান তিনি কোন ভিত্তিতে দিচ্ছেন, তা তার জানা নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পরপরই বিরোধীদলীয় সদস্যরা হট্টগোল শুরু করেন। SHARES রাজনীতি বিষয়: জাতীয় সংসদবাংলাদেশ রাজনীতিশফিকুর রহমানসালাহউদ্দিন আহমদস্বরাষ্ট্রমন্ত্রী