আ. লীগ ফেরার পথ তৈরি করছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬

আগামী সেপ্টেম্বরে চট্টগ্রাম অভিমুখে জামায়াত ও এনসিপির লংমার্চের ঘোষণা এবং ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরায় ফেরার পথ তৈরি করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যের তীব্র ধিক্কার জানান। তিনি বলেন, জামায়াত নেতা দাবি করেছেন বিএনপি সরকার নাকি আওয়ামী লীগের চেয়েও খারাপ আচরণ করছে বিরোধী দলের সঙ্গে। রাশেদ খাঁন বলেন, জামায়াত-এনসিপি তো এখন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে রাজপথে নামার চেষ্টা করছে, যা জনগণ মেনে নেবে না।

তিনি আরও বলেন, জামায়াত-এনসিপির এমপিরা সংসদে সরকারি দলের এমপিদের মতো সুবিধা পাওয়ার চেষ্টা করছেন। তিনি প্রশ্ন তোলেন, তারা কি কোনো সুবিধা পাচ্ছেন না? রাশেদ খাঁন উল্লেখ করেন, যে জামায়াত ১৭ বছর তাদের কার্যালয়ের তালা খুলতে পারেনি, তারা এখন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সরকার পতন ঘটিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। জনগণ তাদের এই স্বপ্ন পূরণ করতে দেবে না বলে তিনি মন্তব্য করেন।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চলাকালে ১১ দলীয় জোটের এমপিদের হট্টগোল ও বিরোধিতার সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, বিরোধী দলের এমপিরা একদিকে গুম কমিশনে গুমের ঘটনার বিচার চাইছেন, অন্যদিকে সালাহউদ্দিন আহমেদের গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। তিনি বলেন, এটাই জামায়াতের চরিত্র।

তিনি আরও বলেন, এনসিপি যেদিন থেকে জামায়াতের সঙ্গে যোগ দিয়েছে, সেদিন থেকেই তারা ধ্বংস হয়ে গেছে। এখন সবাই বলছে, 'যাহাই জামায়াত, তাহাই এনসিপি'। জামায়াত-এনসিপি মিলে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে এবং আওয়ামী লীগকে নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। রাশেদ খাঁন হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে বাংলাদেশপন্থী জনগণ তাদের বরদাস্ত করবে না ইনশাআল্লাহ।

এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নু এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।