আজ রাতে বিরল আংশিক চন্দ্রগ্রহণ, দেখা যাবে খালি চোখে প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬ বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাত থেকে শুক্রবার (২৮ আগস্ট) ভোর পর্যন্ত আকাশজুড়ে এক বিরল মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করার সুযোগ মিলবে। এই সময়ে একটি গভীর আংশিক চন্দ্রগ্রহণ সংঘটিত হবে, যেখানে পৃথিবীর ছায়ায় চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ ঢেকে যাবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১০টা ১২ মিনিটে (০৪:১২ জিএমটি) এই চন্দ্রগ্রহণটি তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে এই মহাজাগতিক দৃশ্য সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে। এছাড়া ইউরোপ ও আফ্রিকার কিছু অঞ্চল থেকে চাঁদ ওঠা বা ডোবার সময় গ্রহণের আংশিক রূপ উপভোগ করা সম্ভব হবে। পুরো চন্দ্রগ্রহণের প্রক্রিয়াটি পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চললেও চাঁদের লালচে বা তামাটে হয়ে ওঠার দৃশ্যটি কেবল অল্প সময়ের জন্য স্থায়ী হবে। পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে সূর্যের আলো প্রতিফলিত হওয়ার কারণে চাঁদ পুরোপুরি অদৃশ্য না হয়ে এমন বর্ণ ধারণ করে, যাকে অনেকে রূপক অর্থে 'ব্লাড মুন' বলে অভিহিত করেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সূর্যগ্রহণের মতো এই চন্দ্রগ্রহণ দেখার জন্য কোনো প্রতিরক্ষামূলক চশমার প্রয়োজন নেই। আকাশ মেঘমুক্ত থাকলে খালি চোখেই এই বিরল মহাজাগতিক ঘটনাটি উপভোগ করা যাবে। SHARES আন্তর্জাতিক বিষয়: চন্দ্রগ্রহণনাসাব্লাড মুনমহাকাশমহাজাগতিক ঘটনা