১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সংসদের তৃতীয় অধিবেশন

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান তৃতীয় অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় এই অধিবেশন শুরু হবে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সংসদের স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সদস্য ও সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামও বৈঠকে যোগ দেন। এতে স্পিকারের বিশেষ আমন্ত্রণে অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

চলতি অধিবেশনে উত্থাপনের জন্য এ পর্যন্ত মোট ২ হাজার ৮১৮টি প্রশ্ন জমা পড়েছে, যার মধ্যে প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য রয়েছে ২ হাজার ৬৭৬টি প্রশ্ন। এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৮১টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাবের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯টিতে।