সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২

প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলা এলাকায় শুক্রবার ভোর ৫টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজি চালক আশিক (৩৫) এবং যাত্রী ঠাকুর হালদার (৭০) প্রাণ হারান। আশিক কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে এবং ঠাকুর হালদার একই উপজেলার কালিঞ্জা গ্রামের গুতু রাজবংশির ছেলে। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় ঠাকুর হালদারের ছেলে বিষ্ণ হালদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা মরদেহ নিয়ে বাড়িতে চলে যান। নিহত চালক আশিকের ভাতিজা ইসমাইল হোসেন জানান, ভোরে মাছ ধরার জন্য জাল নিয়ে ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণ হালদার বাড়ি থেকে বের হয়ে কামারখন্দের বাজার ভদ্রঘাট থেকে সিএনজি নিয়ে সিরাজগঞ্জ শহরে যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে তারা দুর্ঘটনার খবর পান এবং পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৮: ৪৮আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৮: ৪৯