ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে তিনটি বিল উত্থাপন প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬ মানবাধিকার সুরক্ষা, ব্যক্তি-স্বাধীনতা নিশ্চিতকরণ এবং বিদ্যমান আইনের গুরুত্বপূর্ণ সংশোধনের লক্ষ্য নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে তিনটি পৃথক বিল উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের নির্ধারিত কার্যসূচি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো সংসদে উপস্থাপন করেন। উত্থাপিত বিলগুলোর মধ্যে রয়েছে বহুল আলোচিত 'গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬' এবং 'জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬'। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে 'গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬' উত্থাপন করেন। এই বিলের মূল উদ্দেশ্য হলো গুম প্রতিরোধ করা, দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার সংরক্ষণ ও প্রতিকার প্রদান করা। বিলটি বিশদ পরীক্ষা-নিরীক্ষার পর প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। অন্যদিকে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান 'জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬' উত্থাপন করেন। জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০০৯ রহিত করে নতুন এই আইনটি প্রণয়নের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে তিনি বিদ্যমান 'ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট, ১৮৮২' অধিকতর সংশোধনের লক্ষ্যে 'ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬' সংসদে পেশ করেন। সংসদে উত্থাপিত এই তিনটি বিলই অধিকতর যাচাই-বাছাই ও প্রতিবেদন প্রদানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে এই কমিটিগুলোকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। SHARES জাতীয় বিষয়: গুম প্রতিরোধ বিলজাতীয় সংসদবিল উত্থাপনমানবাধিকার কমিশনসংসদ অধিবেশন