চুয়াডাঙ্গায় পরিবহন শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬ পরিবহন শ্রমিকদের ওপর ইজিবাইক চালকদের হামলা ও শারীরিক লাঞ্ছনার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলায় সকল রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ও মিনিবাস ধর্মঘট শুরু হয়েছে। শনিবার সকাল থেকে এই কর্মসূচি পালন করা হচ্ছে। চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ জানান, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া এলাকায় ইজিবাইক চালক ও শ্রমিকরা সংগঠিত হয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে একটি বাস আটকে দেয়। এ সময় তারা বাসের চালক ও সুপারভাইজারকে মারধর করে এবং বাসে হামলা চালায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার চুয়াডাঙ্গা-মেহেরপুর ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটে বাস চলাচল বন্ধ রেখে প্রতিবাদ জানানো হয়। এরপর শনিবার থেকে চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-জীবননগর-হাসাদহ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটে একযোগে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাজী আবুল কালাম আজাদ আরও জানান, পরিবহন শ্রমিকদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার এবং সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা থেকে কোনো রুটে বাস চলাচল করবে না। SHARES জেলা/উপজেলা বিষয়: আন্দোলনইজিবাইকচুয়াডাঙ্গাপরিবহন শ্রমিকবাস ধর্মঘট