চাঁপাইনবাবগঞ্জে গাড়িচালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬

সড়ক দুর্ঘটনা রোধের লক্ষ্যে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির জন্য চাঁপাইনবাবগঞ্জে একটি রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চাঁপাইনবাবগঞ্জ যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু ছালেহ মুসা জঙ্গী। সভাপতিত্ব করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। প্রশিক্ষণে জেলার ৮০ জন পেশাজীবী গাড়িচালক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় গাড়িচালকদের নিরাপদ ও দায়িত্বশীল ড্রাইভিং, সড়ক পরিবহন আইন অনুসরণ, অতিরিক্ত গতি পরিহার, ট্রাফিক সংকেত এবং সড়ক নিরাপত্তা বিধির যথাযথ প্রয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দুর্ঘটনা প্রতিরোধে চালকদের করণীয় সম্পর্কেও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক, মোটরযান পরিদর্শক কাফিউল হাসান মৃধা, সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডা: রাকিবুল ইসলাম, টিআই ২ আজিজ ফেরদৌস এবং মেকানিক্যাল এসিস্ট্যান্ট সাজেদুল ইসলাম।

বিআরটিএ’র সহকারী পরিচালক শাহজামান হক তার বক্তব্যে বলেন, সড়ক দুর্ঘটনা হ্রাসে চালকদের দক্ষতা ও সচেতনতার কোনো বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, চালকের সামান্য অসচেতনতার কারণে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে। তাই প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত জ্ঞান ও দায়িত্ববোধ জাগ্রত করা জরুরি। তিনি ‘গতিশীল গাড়ি চালাই, সড়ক দুর্ঘটনা রোধ করি’—এই প্রত্যয় সামনে রেখে চালক, যাত্রী ও পথচারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত