গুরুদাসপুরে বেহাল প্রধান সড়ক, ভোগান্তিতে প্রসূতিসহ সাধারণ মানুষ প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬ নাটোরের গুরুদাসপুর পৌরসভার প্রধান সড়কের বেহাল দশা এবং ড্রেনেজ ব্যবস্থার অভাবে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রথম শ্রেণির এই পৌরসভার প্রধান সড়কের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বাণিজ্যনগরী চাঁচকৈড় বাজার পর্যন্ত এক কিলোমিটার সড়কে এই সমস্যা প্রকট। প্রসূতিসহ অন্যান্য রোগীদের অ্যাম্বুলেন্স বা রিকশা-ভ্যানে হাসপাতালে নেওয়ার সময় ভাঙা সড়কের ঝাঁকুনিতে তাদের শারীরিক কষ্ট আরও বেড়ে যাচ্ছে এবং জরুরি মুহূর্তে সময়মতো পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। সরেজমিনে দেখা যায়, বৃষ্টি হলেই এসব গর্তে কাদাপানি জমে যায় এবং মাছ বহনকারী গাড়ি থেকে পানি পড়ে সড়ক পিচ্ছিল থাকে। এই সড়কে দিনরাত বাস, ট্রাক, ট্রলি ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করায় শিক্ষার্থী, কৃষক, শিশু ও বয়স্করা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। স্থানীয় বাসিন্দা জামিল আহম্মেদ, শরিফুল ইসলাম, শাহজাহান আলী ও আপেল সরকার অভিযোগ করেন যে, নিয়মিত ভ্যাট-ট্যাক্স দেওয়া সত্ত্বেও নাগরিক সুবিধার কোনো সুফল তারা পাচ্ছেন না। বাণিজ্যনগরী চাঁচকৈড় হাটের রাস্তা ও অলিগলির অবস্থাও একই রকম। আমজাদ শেখ স্মৃতিগেট থেকে ধানহাট, পাটহাট, কাঠহাট, ডিমহাট, গুড় ও চৈতালী হাটসহ বাঁশহাটের রাস্তাগুলো দীর্ঘকাল ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। স্থানীয় জবতুল্লা মন্ডল, মাহফুজ, জালাল মাস্টার ও আব্দুল বারী জানান, মধ্যমপাড়া এলজি মোড় থেকে কাঠহাটা পর্যন্ত সড়কটির অবস্থা এতই খারাপ যে প্রসূতি রোগীদের নিয়ে চলাচল করা অসম্ভব। এছাড়া জিয়া খালের পাশের রাস্তা এবং চাঁচকৈড় তালুকদারপাড়া থেকে বাজারের মূল অংশের রাস্তাগুলোও চরম নাজুক অবস্থায় রয়েছে। পৌর সদরের ১নং ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন ১২০ ফুট ড্রেন নির্মাণের বিষয়টি ২০০১ সালে টেন্ডার হলেও সেই কাজ আজও সম্পন্ন হয়নি, ফলে বাসিন্দারা বছরের প্রায় ছয় মাস পানিবন্দি থাকেন। পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৪৪ কোটি ২ লাখ ৯৫ হাজার টাকা আয় ও সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে, যেখানে ৯১ লাখ ৩০ হাজার ২০০ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। বিপুল বাজেটের পরও নাগরিক জীবনমান উন্নত না হওয়ায় ক্ষোভ বাড়ছে। পৌর প্রশাসক ও ইউএনও ফাহমিদা আফরোজ এবং প্রধান প্রকৌশলী মো. আবু রায়হান জানিয়েছেন, কিছু রাস্তার টেন্ডার সম্পন্ন হয়েছে এবং পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারকাজ শুরু করা হবে। স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ জানিয়েছেন, তিনি ঢাকায় আছেন এবং এলাকায় ফিরে বিষয়টি দেখবেন। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES জেলা/উপজেলা বিষয়: গুরুদাসপুরজনদুর্ভোগনাটোরপৌরসভাসড়ক দুর্ঘটনা