মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬

বাগেরহাটের মোরেলগঞ্জে ৬৯ নম্বর এসবি কালিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী পারভিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বেলা ২টার দিকে বিদ্যালয়টির সামনের সড়কে অভিভাবক, এলাকাবাসী ও সচেতন নাগরিকদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ব্যবহৃত ব্যানারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনায় দুর্নীতি, স্লিপ বরাদ্দ ও সরকারি গাছ কর্তনসহ রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ এবং নিয়ম বহির্ভূতভাবে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ তোলা হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে সুমন হাওলাদার, মিনারা বেগম, শিল্পি খানম, রবিউল ইসলাম, জাকির হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গফফার খান, জমিদাতা নাসির খান ও আমজাদ হোসেন বক্তব্য রাখেন। বক্তারা জানান, এসব বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে তারা মানববন্ধনে নামতে বাধ্য হয়েছেন।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক শিউলী পারভীন বলেন, যারা মানববন্ধন করেছেন তারা কেউই বিদ্যালয়ের প্রকৃত অভিভাবক নন। তিনি তাদের অভিযোগগুলোকে কাল্পনিক ও ভিত্তিহীন হিসেবে উল্লেখ করে সাংবাদিকদের বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. রাসেল মোল্লা জানান, বিদ্যালয়টির ম্যানেজিং কমিটি গঠনের অনিয়ম নিয়ে একটি অভিযোগ পাওয়া গিয়েছিল, যার প্রেক্ষিতে কমিটি বাতিলের নির্দেশনা দেওয়া হলেও পরবর্তী সময়ে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। এছাড়া গাছ কাটার বিষয়ে একটি পৃথক অভিযোগ রয়েছে, যা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত