সংসদে পাসের জন্য সম্পত্তি ও মানবাধিকার কমিশন বিলের সুপারিশ

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬

‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ পর্যালোচনা শেষে সংশোধিত আকারে জাতীয় সংসদে পাসের সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের এই কমিটির বৈঠকে বিল দুটি নিয়ে বিস্তারিত আলোচনা ও যাচাই-বাছাই করা হয়।

বৈঠকে বিল দুটির বিভিন্ন ধারা ও সংশ্লিষ্ট বিধানাবলি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়। বিলের বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে কমিটির সদস্যরা তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে বিল দুটি সংসদে পাসের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মুহাম্মদ নওশাদ জমির বৈঠকে সভাপতিত্ব করেন। এতে কমিটির সদস্য হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমরান আহমদ চৌধুরী, সাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং আলফারুক আব্দুল লতীফ অংশগ্রহণ করেন। এছাড়া বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।