হরমুজ প্রণালিতে সংঘাত: বিশ্ববাজারে তেলের দাম ২ শতাংশ বৃদ্ধি প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। সংঘাত ষষ্ঠ মাসে পদার্পণ করার প্রেক্ষাপটে ইরানের একটি দ্বীপে মার্কিন হামলা এবং এর প্রতিক্রিয়ায় তেহরানের পাল্টা হামলার জেরে বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার গ্রিনিচ মান সময় ভোর ৪টা ৩৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ২১ ডলার বা ২ দশমিক ৫১ শতাংশ বেড়ে ৯০ দশমিক ৩১ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৮৩ ডলার বা ২ দশমিক ১৯ শতাংশ বেড়ে ৮৫ দশমিক ২৩ ডলারে দাঁড়িয়েছে। ঘটনার ধারাবাহিকতায়, রোববার মার্কিন বাহিনী হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের লারাক দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় হামলা চালায়। জুলাই মাসের শেষের পর ইরানি ভূখণ্ডে এটিই ছিল যুক্তরাষ্ট্রের প্রথম সামরিক পদক্ষেপ। এর জবাবে সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জর্ডানে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে দাবি করেন যে, ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র খার্গ দ্বীপ 'টুকরো টুকরো করে উড়িয়ে দেওয়া হচ্ছে'। তবে এই দাবির সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং পোস্টের সঙ্গে যুক্ত ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে বলে জানা গেছে। SHARES আন্তর্জাতিক বিষয়: আন্তর্জাতিক বাজারইরান-যুক্তরাষ্ট্রজ্বালানি তেলতেলের-দামহরমুজ প্রণালি