বিয়ের ৫ মাস পরই বিচ্ছেদের ঘোষণা র্যাপার বাদশা ও ইশা রিখির প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬ ভারতের জনপ্রিয় র্যাপার বাদশা ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি তাদের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন। বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তারা আলাদা হওয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন। গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ বিবৃতির মাধ্যমে এই বিচ্ছেদের বিষয়টি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের নিশ্চিত করেন তারা। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া সেই বিবৃতিতে বাদশা জানান, দুজনেই এখন থেকে নিজেদের জীবনের পথ আলাদাভাবে চলার সিদ্ধান্ত নিয়েছেন। একে অপরের প্রতি পূর্ণ শ্রদ্ধা বজায় রেখেই এই ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ সময় ভক্তদের তাদের সিদ্ধান্তের প্রতি সম্মান জানানোর অনুরোধ জানিয়ে বাদশা বলেন, বিচ্ছেদ নিয়ে যেন কোনো ধরনের জল্পনা-কল্পনা বা অনুমান করা না হয়। তিনি আরও স্পষ্ট করেন যে, এটিই এ বিষয়ে তাদের পক্ষ থেকে একমাত্র আনুষ্ঠানিক বক্তব্য এবং ভবিষ্যতে তারা আর কোনো মন্তব্য করবেন না। চলতি বছরের মার্চ মাসে ঘরোয়া আয়োজনে বাদশা ও ইশা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন। তবে বিয়ের পর থেকেই তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। জুলাই মাস থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্কের দূরত্ব নিয়ে নানা আলোচনা শুরু হয়। সে সময় ইশা রিখি বাদশার সঙ্গে কাটানো মুহূর্তগুলোর একটি মন্টাজ ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লিখেছিলেন, ‘প্রতিটি ঝড়ই এক একটি শিক্ষা। প্রতিটি প্রার্থনাই একটি আশা।’ ক্যাপশনের সঙ্গে ভাঙা হৃদয়ের ইমোজি থাকায় অনেকেই এটিকে সম্পর্কের অবনতির ইঙ্গিত হিসেবে দেখেছিলেন। এছাড়া ইশার মা পুনম রিখির শেয়ার করা ‘কর্মফল’ সংক্রান্ত পোস্টগুলোও তখন আলোচনার জন্ম দিয়েছিল। এর আগে জুনে ইনস্টাগ্রামে ‘আস্ক মি অ্যানিথিং’ পর্বে এক ভক্তের প্রশ্নের জবাবে ইশা রিখি বাদশার সঙ্গে বিয়ের বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেছিলেন। ইশার পেশাগত জীবন নিয়েও বর্তমানে আলোচনা চলছে, যেখানে সালমান খানের পরিচালনায় আসন্ন ‘বিগ বস ২০’-এর প্রতিযোগী হিসেবে তার নাম শোনা যাচ্ছে। উল্লেখ্য, ইশা রিখির সঙ্গে বিয়ের আগে বাদশা জেসমিন মসিহের সঙ্গে সংসার করেছিলেন। ২০২০ সালে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। তাদের সংসারে ২০১৭ সালের জানুয়ারিতে জন্ম নেওয়া একটি কন্যাসন্তান রয়েছে। SHARES বিনোদন বিষয়: ইশা রিখিবাদশাবিচ্ছেদবিনোদনর্যাপার