বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ উন্মুক্ত প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬ যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের নাগরিকদের ওপর এতদিন যে স্থগিতাদেশ ছিল, তা প্রত্যাহার করা হয়েছে। ফেডারেল আদালতের একটি গুরুত্বপূর্ণ রায়ের প্রেক্ষিতে গত ২১ আগস্ট থেকে এই স্থগিতাদেশ আর কার্যকর নেই। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ২৮ আগস্ট এই তথ্য হালনাগাদ করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এসব দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। তৎকালীন মার্কিন সরকারের যুক্তি ছিল, এসব দেশের আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার ঝুঁকিতে রয়েছেন, তাই তাদের বিষয়ে বাড়তি যাচাই-বাছাই প্রয়োজন। এই নীতিমালার বিরুদ্ধে ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক (সিএলআইএনআইসি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারক জেনেট ভার্গাস এই মামলার রায় প্রদান করেন। আদালতের পর্যবেক্ষণে স্পষ্টভাবে বলা হয়, শুধুমাত্র কোনো নির্দিষ্ট দেশের নাগরিক হওয়ার কারণে অভিবাসী ভিসা আটকে রাখা অভিবাসন ও জাতীয়তা আইনের অধীনে পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতার সীমা অতিক্রম করেছে। আদালতের এই রায়ের ফলে বাংলাদেশসহ ওই ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা পাওয়ার পথ পুনরায় উন্মুক্ত হলো। তবে ভিসা পাওয়ার জন্য আবেদনকারীদের অবশ্যই স্বাভাবিক সব শর্ত পূরণ করতে হবে। উল্লেখ্য, স্থগিতাদেশ চলাকালীন যেসব ভিসা আগে থেকে ইস্যু করা হয়েছিল, সেগুলো বাতিল করা হয়নি। একই সময়ে নতুন আবেদন জমা দেওয়া এবং সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগও বহাল ছিল। মূলত ভিসা আবেদনের চূড়ান্ত পর্যায়ে ভিসা ইস্যু করার ওপরই এই স্থগিতাদেশ কার্যকর ছিল। তালিকায় থাকা দেশগুলো হলো—আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, বার্মা (মিয়ানমার), কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোত দিভোয়ার (আইভরি কোস্ট), কিউবা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজ প্রজাতন্ত্র, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান ও ইয়েমেন। SHARES আন্তর্জাতিক বিষয়: অভিবাসী ভিসাবাংলাদেশভিসা স্থগিতাদেশমার্কিন পররাষ্ট্র দপ্তরযুক্তরাষ্ট্র