গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: তারেক রহমান প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬ সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিয়ে দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এর আগে অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তর থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান। জন্মাষ্টমী উপলক্ষে সবার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আসুন, আমরা সবাই ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধা এবং সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করি। তিনি আরও বলেন, দেশে কোনো রকমের সাম্প্রদায়িক উস্কানি কিংবা বিদ্বেষ যেন আমাদের সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ না হয়, সে বিষয়ে আমি সজাগ দৃষ্টি রাখতে সকলের প্রতি আহ্বান জানাই। প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। হিন্দু ধর্মীয় শাস্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম নিয়েছিলেন সনাতন ধর্মের প্রবর্তক শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মমতে, প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে মথুরায় যখন অত্যাচারী-স্বৈরাচারী শাসক কংসের শাসন চলছিল, তখন শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে এবং তার পর কংসের পতন হয়। তিনি বলেন, দুষ্টের দমন ও শিষ্টের পালন শ্রীকৃষ্ণের অন্যতম ব্রত ছিল। সরকারপ্রধান বলেন, বাংলাদেশেও দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের গণতন্ত্রকামী জনগণ হাজারো প্রাণের বিনিময়ে কংসরুপী ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছে এবং আবারও গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতি, বিভাজিত প্রশাসন ও অবনতিশীল আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়ে এখন দেশ পুনর্গঠনের পালা। প্রধানমন্ত্রী বলেন, সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠ নয়, আসুন সবাই নিজেদের বাংলাদেশি ভাবি। তিনি বলেন, রাষ্ট্র এবং সমাজে দল মত ধর্ম বর্ণ পরিচয় যেন মানুষের মধ্যে বিভেদ বৈষম্য সৃষ্টির কারণ না হয়, সেই উপলব্ধি থেকেই স্বাধীনতার ঘোষকের যুগান্তকারী রাজনৈতিক দর্শন হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। তিনি আরও বলেন, আবহমানকাল থেকে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে, তবে সময়ে সময়ে কংস চরিত্রের মানুষেরা বিভেদ তৈরির অপচেষ্টা চালিয়েছে। এসব অপশক্তি যাতে আর মাথাছাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, সার্বভৌমত্ব সুসংহত রেখে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়তে নাগরিকদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন জরুরি। এই লক্ষ্য অর্জনে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড এবং সকল ধর্মের ধর্মীয় গুরুদের জন্য সম্মানী ভাতা প্রদানসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। SHARES অন্যান্য বিষয়: গুজবজন্মাষ্টমীতারেক-রহমানরাজনীতিসোশ্যাল মিডিয়া