ভোলা রক্ষায় প্রথম উদ্যোগ নিয়েছিলাম, বললেন মেজর হাফিজ প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬ জাতীয় সংসদের স্পিকার ও সাবেক রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম জানিয়েছেন, পানি সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনিই প্রথম ভোলা জেলাকে রক্ষার উদ্যোগ গ্রহণ করেছিলেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় তজুমদ্দিন উপজেলা বিএনপি আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় মেজর হাফিজ বলেন, তিনি কখনোই ব্যক্তিগত সম্পদ অর্জনের পেছনে ছোটেননি, যেখানে বর্তমানে অনেক সংসদ সদস্য হাজার হাজার কোটি টাকা অর্জনের দিকে মনোযোগী। তিনি আরও বলেন, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত বলেই মানুষ এখনো তাকে স্মরণ করে। নিজের সামরিক জীবনের স্মৃতিচারণ করে তিনি জানান, লালমোহন থেকে তিনিই প্রথম সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এবং মেজর জিয়াউর রহমান ছিলেন তার প্রশিক্ষক। এ সময় স্পিকার উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের সুনাম যেন সব সময় অক্ষুণ্ণ থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি তজুমদ্দিন উপজেলাকে পৌরসভায় রূপান্তর করার পাশাপাশি রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন হাং, হাসান মাকসুদুর রহমান, বিএনপি নেতা আমিরুল ইসলাম বাসেদ, মহিউদ্দিন জুলফিকার, আনোয়ার হোসেন হাং, জাকির হোসেন মনু এবং মহিলা দল সভাপতি ফরিদা ইয়াছমিন প্রমুখ। SHARES রাজনীতি বিষয়: তজুমদ্দিনবিএনপিভোলামেজর হাফিজরাজনীতি