ভারতের সঙ্গে সমমর্যাদার সম্পর্ক চায় বাংলাদেশ: স্পিকার হাফিজ

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। সোমবার সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমানে কেবল দুই দেশের কূটনৈতিক পর্যায়ে কথাবার্তা চলছে। তবে বাংলাদেশ চায় ভারত ও বাংলাদেশের মধ্যে সৎ প্রতিবেশীসুলভ সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়ে উঠুক।

স্পিকার বলেন, অতীতের আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে যে সম্পর্ক ছিল, তা ছিল স্বামী-স্ত্রীর মতো। কিন্তু বর্তমান সরকার এ ধরনের সম্পর্ক চায় না। দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে পারস্পরিক মর্যাদা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতেই দুই দেশের সম্পর্ক হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন।

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ করে স্পিকার বলেন, একজন প্রধানমন্ত্রী হিসেবে তাকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ জানানো হয়নি। এছাড়াও ভারতের কিছু পদক্ষেপ নিয়ে বাংলাদেশের রিজার্ভেশন বা আপত্তি রয়েছে বলে তিনি জানান। বিশেষ করে পতিত সরকারের প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়া এবং সেখানে বসে রাজনীতি করার সুযোগ করে দেওয়াকে সৎ প্রতিবেশীসুলভ আচরণ বলে মনে করেন না তিনি।